বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের ক্যারিয়ারে যুক্ত হলো এক নতুন ও উজ্জ্বল পালক। ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেছেন ক্যারিয়ারের প্রথম ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। সেরা অভিনেত্রী বিভাগে এই মর্যাদাপূর্ণ সম্মাননা তিনি গ্রহণ করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে।

পুরস্কার গ্রহণের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে একপ্রকার আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী। তিনি জানান, ক্যারিয়ারের এই ঐতিহাসিক মুহূর্তটি এখনো পুরোপুরি উপলব্ধি করার চেষ্টা করছেন তিনি।

ইয়ামি বলেন, ‘আমি এখনো মুহূর্তটি নিজের ভেতরে ধারণ করার চেষ্টা করছি। যেকোনো শিল্পীর জন্য, যিনি সারাজীবন ধরে কাজ করে যাচ্ছেন, এটি অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। আর যারা স্বপ্ন নিয়ে এই মায়ানগরীতে আসেন, তাদের সবার পক্ষ থেকেই আমি কথাটা বলছি। জীবন আপনার জন্য কখন কী জমা করে রেখেছে, তা কেউ আগে থেকে বলতে পারে না।’

নিজের কাজের প্রতি একাগ্রতার কথা মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘আপনি কেবল সততা দিয়ে পরিশ্রম করে যান, ভালো কাজ করে যান; কোনো না কোনো দিন তার প্রতিফলন ঘটবেই। আমি ক্যারিয়ারে কতদূর পৌঁছাতে পেরেছি, তা আমার জানা নেই। তবে আমার এই যাত্রায় এখনো অনেক কিছু শেখা বাকি আছে, অনেক কাজ করা বাকি আছে। এমন একটি ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে এমন বিশাল সম্মান পাওয়া সত্যিই অত্যন্ত গর্বের বিষয়।’

আদিত্য সুহাস জাম্বালে পরিচালিত ‘আর্টিকেল ৩৭০’ সিনেমাটির গল্প ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন আদিত্য ধর, মোনাল থাক্কার ও অর্জুন ধাওয়ান। ছবিতে ইয়ামি গৌতমের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মণি, স্কন্দ ঠাকুর, অশ্বিনী কাউল, বৈভব ততোয়াদী, অরুণ গোভিল এবং কিরণ কর্মকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page