সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত ‘জেনারেশন শেপার অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘ফ্যাশন আইকন’ সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশি ফ্যাশন ব্যক্তিত্ব, ফ্যাশন কোরিওগ্রাফার, মডেল কোচ ও পেজেন্ট কোচ তাসনুবা রাইসা রাকা।
ফ্যাশন অঙ্গনে তাঁর পেশাগত অবদান, সৃজনশীলতা এবং নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
রোববার (১ নভেম্বর) দুবাইয়ের মিলেনিয়াম এয়ারপোর্ট হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ADZONE আয়োজিত অনুষ্ঠানে ফ্যাশন, গণমাধ্যম, সংস্কৃতি ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজ হাইনেস শেখা আয়েশা হুমাইদ আল মুয়াল্লা। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন হিজ এক্সেলেন্সি শেখ মাকতুম আল মাকতুমের ব্যক্তিগত উপদেষ্টা হিজ এক্সেলেন্সি ইয়াকুব আল আলী, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ শেখ, DXB24Live-এর প্রতিষ্ঠাতা অপূর্ব আবদুল লতিফ এবং মিসেস ইউনিভার্স ২০২৪ বিজয়ী নাসরিন সুলতানা কুইনসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
তাসনুবা রাইসা রাকা ২০২৩ সালে ‘মিস কসমিক ইউনিভার্স’ খেতাব অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন। প্রায় তিন বছর ধরে তিনি দুবাইয়ে ফ্যাশন কোরিওগ্রাফার, মডেল কোচ ও পেজেন্ট কোচ হিসেবে কাজ করছেন।
তাঁর প্রশিক্ষণ ও দিকনির্দেশনায় অনেক নতুন মডেল ও পেজেন্ট প্রতিযোগী নিজেদের আত্মবিশ্বাস, দক্ষতা ও যোগ্যতা বিকাশের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করতেও তাঁর সহযোগিতা ও অনুপ্রেরণা ভূমিকা রাখছে।
সম্মাননা গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে তাসনুবা রাইসা রাকা বলেন, ‘আলহামদুলিল্লাহ, এই স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আমাকে সম্মানিত করার জন্য ADZONE-এর প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি আশা করি, ভবিষ্যতেও বাংলাদেশের সুনাম ও মর্যাদা আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করতে কাজ করে যাব।’
তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, একজন প্রকৃত ফ্যাশন আইকন শুধু নিজের পথ তৈরি করেন না; বরং অন্য নারীদেরও স্বপ্ন দেখতে, আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে এবং নিজস্ব পরিচয় প্রতিষ্ঠা করতে অনুপ্রাণিত করেন।’
রাকা তাঁর এ অর্জন প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মায়ের প্রতি উৎসর্গ করেছেন। একই সঙ্গে নতুন প্রজন্মের প্রতিভাবানদের অনুপ্রাণিত করা এবং তাঁদের ইতিবাচক বিকাশে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তাসনুবা রাইসা রাকা ‘BiBi RakaZ’-এর প্রতিষ্ঠাতা। ফ্যাশন কোরিওগ্রাফি, মডেল প্রশিক্ষণ ও আন্তর্জাতিক পেজেন্ট কোচিংয়ের মাধ্যমে তিনি নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।
দুবাইয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁর এ অর্জন ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি বিশ্ব ফ্যাশন অঙ্গনে বাংলাদেশি প্রতিভার অংশগ্রহণ ও সক্ষমতার পরিচায়ক। তাঁর এই সম্মাননা প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।