বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজট

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশ-শ্রমিকের মধ্যে সংঘর্ষ চলছে। এতে মহাসড়কের ১০ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। প্রায় ৫ ঘণ্টা ধরে বন্ধ থাকা সড়কে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ যাত্রীরা।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার আশপাশের বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

এসময় মহাসড়কের ওপর মাটি ভর্তি বস্তা ও কাঠ বাঁশ ফেলে আগুন ধরিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়। শ্রমিক আন্দোলনের মুখে কারখানা কর্তৃপক্ষ নগরীর কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত ১৫টি শিল্প কারখানায় ছুটি ঘোষণা করে। মহাসড়কে যাত্রী-চালকদের দুর্ভোগ নিরসনে শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে পুলিশ শ্রমিকদের অনুরোধ জানায়। তবে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে শ্রমিকরা মহাসড়কে আগুন ধরিয়ে দেয় ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা ছত্রভঙ্গ হলেও অপর দিক থেকে আক্রমণ করতে থাকেন। এসময় শ্রমিকরা পুলিশের গাড়িসহ অন্যান্য যানবাহন ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এপিসি কারসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলমান রেখেছে। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আনসার একাডেমি, শফিপুর, পল্লীবিদ্যুতসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনাবাড়ি থেকে টাঙ্গাইল অভিমুখে কয়েক কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়েছে। একইভাবে টাঙ্গাইল থেকে গাজীপুর অভিমুখে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বর্তমানে মহাসড়কের কয়েকটি পয়েন্টে আগুন জ্বালিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছে। পুলিশ তাদের বুঝিয়ে নিবৃত্ত করার চেষ্টা করছে। উত্তেজিত শ্রমিকদের নিবৃত্ত করা ও যানমালের নিরাপত্তায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এখনও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page