বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

বারবার প্রতিজ্ঞার পরও নামাজ ছুটে যায়? উত্তরণের ৫ উপায়

নামাজ ইসলামের অন্যতম প্রধান ইবাদত এবং মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৈনিক আমলগুলোর একটি। পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে একজন মুসলমান নিয়মিত আল্লাহর সঙ্গে সম্পর্ক নবায়ন করেন।অনেকেই নামাজ পড়ার দৃঢ় সংকল্প করেও কিছুদিন পর আবার অলসতা, ব্যস্ততা কিংবা ঠুনকো অজুহাতে নামাজ ছেড়ে দেন। এক সময় বিষয়টি অভ্যাসে পরিণত হয়। এরপর অনুশোচনা আসে, আবার নামাজে ফেরার ইচ্ছে হয়, নতুন করে প্রতিজ্ঞা করেন; কিন্তু সেই প্রতিজ্ঞাও বেশিদিন স্থায়ী হয় না।

নামাজের প্রতি এই অনিয়ম থেকে বেরিয়ে আসতে হলে শুধু প্রতিজ্ঞা করাই যথেষ্ট নয়। প্রয়োজন নিজের ভেতরে নামাজের গুরুত্ব তৈরি করা, এর ফজিলত ও নামাজ ছেড়ে দেওয়ার পরিণতি জানা এবং আল্লাহর সামনে দাঁড়ানোর অনুভূতিকে জীবন্ত রাখা। নিয়মিত নামাজের অভ্যাস গড়ে তুলতে সহায়ক হতে পারে এমন পাঁচটি উপায় তুলে ধরা হলো—

নিয়মিত নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে জানুন

কোনো আমলের প্রতি ভালোবাসা তৈরি করতে হলে আগে সেই আমলের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে জানা দরকার। নামাজ একজন মুসলমানের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা কোরআন-হাদিসে বারবার তুলে ধরা হয়েছে। নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।

নামাজ শুধু বিধান পালন নয়; বান্দার সঙ্গে রবের সম্পর্ক গভীর করার অন্যতম প্রধান মাধ্যম। দিনের ব্যস্ততার মাঝেও পাঁচবার আল্লাহর সামনে দাঁড়ানোর সুযোগ একজন মানুষকে নিজের জীবনের উদ্দেশ্য মনে করিয়ে দেয়।

তাই নামাজের ফজিলত নিয়ে কোরআনের আয়াত ও সহিহ হাদিস পড়ার অভ্যাস করুন। নামাজের মাধ্যমে কী ধরনের সওয়াব পাওয়া যায়, কীভাবে তা গুনাহ মোচনের কারণ হয় এবং আল্লাহর নৈকট্য লাভে এর ভূমিকা কী—এসব বিষয়ে জানার চেষ্টা করুন। নামাজের মর্যাদা যত বেশি উপলব্ধি হবে, তা ছেড়ে দেওয়ার প্রবণতাও তত কমবে।

নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি সম্পর্কে জানার চেষ্টা করুন

মানুষ সাধারণত কোনো কাজের উপকারিতা ও ক্ষতির বিষয়টি ভালোভাবে জানলে বেশি সতর্ক হয়। তাই নামাজ আদায়ের ফজিলত জানার পাশাপাশি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কেও জানা প্রয়োজন।

কোরআনে নামাজ অবহেলা করার বিষয়ে কঠোর সতর্কতা এসেছে। জাহান্নামবাসীদের জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে কী জিনিস সাকারে নিয়ে গেল? তারা বলবে, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না।

তবে এসব সতর্কতা জানার উদ্দেশ্য হতাশ না হয়ে নিজেকে সংশোধন করা ও সচেতন হওয়া। কোনো ওয়াক্ত নামাজ ছুটে গেলে তা স্বাভাবিক হিসেবে না দেখে নিজের কাছে প্রশ্ন করুন— কেন নামাজ ছুটল?অলসতা, ঘুম নাকি কাজের ব্যস্ততা? কারণটি চিহ্নিত করতে পারলে পরের ওয়াক্ত থেকে তা প্রতিরোধের ব্যবস্থা করা সহজ হবে।

দৃঢ় সংকল্প করুন

নামাজ নিয়মিত করার জন্য সবার আগে দৃঢ় সংকল্প করা প্রয়োজন। দৃঢ় সংকল্পের মাধ্যমে কঠিন কাজও সহজ হয়। তাই নামাজে নিয়মিত হওয়ার জন্য দৃঢ় সংকল্প জরুরি।

মৃত্যু ও পরকালের হিসাবের কথা স্মরণ করুন

দুনিয়ার ব্যস্ততায় মানুষ প্রায়ই ভুলে যায় যে একদিন তাকে সব কাজের হিসাব দিতে হবে। অথচ মৃত্যু এমন এক বাস্তবতা, যেখান থেকে কারও পালানোর সুযোগ নেই। নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সম্পর্কে এই অনুভূতি মানুষকে আরও সচেতন করতে পারে।

নিজেকে মাঝেমধ্যে প্রশ্ন করুন—আজ যদি আমার জীবনের শেষ দিন হতো, তাহলে কি আমি নামাজগুলো আদায় করে যেতে পারতাম? কিয়ামতের দিন নামাজ সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, তখন আমার উত্তর কী হবে?

নামাজকে সবকিছুর ওপর অগ্রাধিকার দিন

নামাজ নিয়মিত করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একে জীবনের অপরিহার্য অংশ হিসেবে গ্রহণ করা। যেমন ঘুম, খাবার কিংবা কাজের জন্য সময় নির্ধারিত থাকে, তেমনি নামাজের জন্যও নির্দিষ্ট সময়কে অগ্রাধিকার দিতে হবে।

কখনো কোনো ওয়াক্ত ছুটে গেলে হতাশ হয়ে সব ছেড়ে দেবেন না। বরং দ্রুত ফিরে আসুন। এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়া যেন পরের ওয়াক্তের নামাজও ছেড়ে দেওয়ার কারণ না হয়। ভুল হলে তওবা করুন, নামাজের প্রতি আবার মনোযোগী হন এবং নতুন করে শুরু করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page