শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

১৬ বছরের ছাত্রের সঙ্গে সম্পর্ক, ব্রিটিশ শিক্ষিকার বিচার

যুক্তরাজ্যের ইংল্যান্ডের সাউদাম্পটনের বিটার্ন পার্ক স্কুলের সাবেক শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষিকা ব্রনওয়েন জেমসের (৩০) বিরুদ্ধে ১৬ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় দেশটির আদালতে তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার শুরু হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেছেন, একান্তে থাকাকালীন ওই শিক্ষিকা তরুণ ছাত্রকে তাকে ‘‘মিস’’ বলে ডাকার নির্দেশ দিতেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যালয়ে চাকরিকালীন ওই কিশোর শিক্ষার্থীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন ব্রনওয়েন।

উইনচেস্টার ক্রাউন আদালতে শুনানিকালে প্রসিকিউটর এডওয়ার্ড কালভার বলেন, শুরুতেই ওই ছাত্রের স্ন্যাপচ্যাট ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করলেও পরবর্তীতে তা করেন জেমস। এর পর তাদের মধ্যে নিয়মিত বার্তা বিনিময় হয়; ক্রমান্বয়ে প্রেমালাপে রূপ নেয়।

প্রসিকিউটর আদালতকে বলেন, ‘‘তারা পরস্পরকে বার্তা পাঠাতে শুরু করে এবং সেসব বার্তা পরে ঘনিষ্ঠতায় রূপ নেয়। পরবর্তীতে তারা ওয়েস্টন শোর এলাকায় দেখা করেন এবং গাড়ির ভেতরে একে অপরকে চুম্বন করেন।’’

শিক্ষিকার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, উইম্বলডন টেনিস টুর্নামেন্ট টিভিতে সম্প্রচার চলাকালীন একদিন এই জুটি স্পর্শ ও চুম্বনের পর শারীরিক সম্পর্কে লিপ্ত হন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর অভিযোগ, শিক্ষিকা ব্রনওয়েন কিশোর শিক্ষার্থীর সঙ্গে অত্যন্ত সংবেদনশীল সম্পর্কে জড়িয়ে পড়েন; এমনকি তিনি তাকে ভালোবাসার কথা জানান এবং দুজন একসঙ্গে দূরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন।

আদালতে সাক্ষ্য দেওয়ার সময় ভুক্তভোগী শিক্ষার্থী বলেছে, শুরুতে শিক্ষিকার সঙ্গে সম্পর্ক ‘‘ভালো’’ মনে হলেও পরে সে বুঝতে পারে যে তাকে কৌশলে প্রলোভনের ফাঁদে ফেলে মানসিকভাবে নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। ব্যক্তিগত মেলামেশার সময়ও জেমস তাকে শিক্ষিকা হিসেবে ‘‘মিস’’ বলে সম্বোধন করার নির্দেশ দিতেন।

বিটার্ন পার্ক স্কুলে কর্মরত থাকাকালীন এসব ঘটনা ঘটে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নিজের পদমর্যাদার অপব্যবহার করে কিশোর শিক্ষার্থীর সঙ্গে যৌনকর্মে লিপ্ত হওয়ার অভিযোগে জেমসের বিরুদ্ধে ৪টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তবে তিনি এই সমস্ত অভিযোগ অস্বীকার করে আদালতে তার লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন।

বুধবার জুরি ভেঙে দেওয়ার কারণে বিচার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়। নতুন জুরিদের শপথ গ্রহণের মাধ্যমে বৃহস্পতিবার থেকে পুনরায় এই মামলার বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page