শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০২ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দিয়েছে সরকার। সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এবং শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

দুপুর ২টায় জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মূল অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য ও অতিথিদের আলোচনার পর গুণী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পরে সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেওয়া হয় এবং প্রধানমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, এ বছর প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা, কারিগরি, সাধারণ বিশ্ববিদ্যালয়, চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০২ জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ (মরণোত্তর), ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রয়াত অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম (মরণোত্তর) সহ বিশিষ্ট শিক্ষাবিদেরা সম্মাননা পেয়েছেন।

এছাড়া চিকিৎসা শিক্ষায় অবদানের জন্য সাবেক ইএনটি সার্জন অধ্যাপক ডা. এম এ মাজেদ (মরণোত্তর), অধ্যাপক ডা. সায়েবা আক্তার এবং প্রকৌশল ও কারিগরি ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান (মরণোত্তর) ও ড. এ.বি.এম. হারুন-উর-রশিদ সম্মাননা অর্জন করেন।

পাশাপাশি বিশেষ ক্যাটাগরিতে ১৯৭৪ সাল থেকে বিনামূল্যে শিক্ষা ছড়িয়ে দেওয়া ‘এক টাকার শিক্ষক’ হিসেবে পরিচিত মো. লুৎফর রহমান, ‘রমনী কান্ত পাঠশালা’র রমনী কান্ত বেপারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার জন্য প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশনের সহকারী শিক্ষক মো. মোজাম্মেল হোসেন খানসহ গুণী শিক্ষাব্রতীরাও সম্মানিত হয়েছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পৃথক বিচারক ও সার্চ কমিটির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় এসব শিক্ষককে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page